ইরানের হরমোজগানে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ হামলার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। তবে হামলাকারীর পরিচয়, লক্ষ্যবস্তু ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ইরনা সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিছুক্ষণ আগেই সিরিক কাউন্টিতে এ হামলা হয়েছে। তবে হামলার ধরন কিংবা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছিল, পূর্ব হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তাসনিমের প্রাথমিক প্রতিবেদনে বিস্ফোরণের কারণ স্পষ্ট করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী নৌযানগুলোকে লক্ষ্য করে ছোড়া সতর্কতামূলক গুলির কারণে বিস্ফোরণের শব্দ হতে পারে।
সিরিক কাউন্টি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ এটি।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানি কর্তৃপক্ষ প্রায়ই প্রতিপক্ষকে বোঝাতে ‘শত্রু’ শব্দটি ব্যবহার করে থাকে। তবে সিরিক কাউন্টিতে সর্বশেষ হামলার সঙ্গে কোনো পক্ষের সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি।
হামলায় হতাহতের সংখ্যা কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি।