ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩, ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।

আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে মার্কিন রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী পক্ষকে সতর্ক করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড পুনরায় ঘটলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের মহাকাশ বাহিনী।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষ’ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যে নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ব দিকে ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত সিরিক শহর। এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!