ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ২০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
ভৈরবে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ২০
আহত সাংবাদিক এম আর রুবেল। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল। এ সময় তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে পৌর শহরের কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে নয়াবাড়ি পক্ষের এক যুবক গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাংবাদিক এম.আর রুবেলের অভিযোগ, সংঘর্ষের খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে যান তিনি। সেখানে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের লোকজনকে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে দেখতে পান। কয়েকজনের সঙ্গে কথা বলার পর নয়াবাড়ির লোকজনের পেছনে দাঁড়িয়ে মোবাইল ফোনে প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। এ সময় আরফাত মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক তাঁর ওপর হামলা চালান।

তিনি জানান, হামলাকারীরা তাঁকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। এ সময় দুই যুবক তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁদের ওপরও দা ও বল্লম নিয়ে হামলার চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় তাঁর পায়ের জুতা খুলে পড়ে যায়। পরে চলন্ত একটি রিকশায় উঠে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এরপর ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধ মীমাংসায় শুক্রবার সন্ধ্যায় সালিশ-বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে বৈঠক শুরুর আগেই বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। যদিও কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

এদিকে সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!