ডায়াবেটিস নিয়ে অবহেলা নয়, এখনই ব্যবস্থা নিন: রাষ্ট্রপতি
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি করা।
রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এ রোগ সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি সংক্রমণের কারণে গুরুতর অবস্থায় অঙ্গচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে।
তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের ফলে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।
ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।
সুত্র: বাসস