ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই তুরস্ক ও কাতারের মধ্যে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮, ১৪ নভেম্বর ২০২৬
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই তুরস্ক ও কাতারের মধ্যে
ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ।। ছবি: সংগৃহীত

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে চুক্তি সই করেছে । শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এরদোয়ানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যাতে নতুন করে যুদ্ধ শুরু না হয়, সে লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনীতির মাধ্যমে বিরোধ মীমাংসায় রাজি করানোর উদ্যোগও অব্যাহত রাখবে তারা।

তবে প্রতিরক্ষা চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি। এর আগে থেকেই তুরস্ক ও কাতারের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে তিন দেশ অঙ্গীকার করে, তাদের কোনো একটির ওপর হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। কাতার নতুন চুক্তির বিষয়ে দেওয়া বিবৃতিতে ওই প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেছে এবং বলেছে, তুরস্কের সঙ্গে তাদের চুক্তিও একই ধরনের গুরুত্ব বহন করবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, নতুন চুক্তির লক্ষ্য হলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়ে নেওয়া এবং যে কোনো পক্ষের ওপর বা উভয় পক্ষের বিরুদ্ধে বহিরাগত সশস্ত্র হামলার মোকাবিলায় অভিন্ন অবস্থান নিশ্চিত করা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ প্রতিরক্ষা চুক্তিতে মিসরসহ অঞ্চলের অন্য দেশগুলোর যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

তবে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি থাকলেও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় এখনো সামরিকভাবে যুক্ত হয়নি আঙ্কারা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!