ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পোশাক শ্রমিকের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা চায় শ্রমিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ৯ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা চায় শ্রমিকপক্ষ
ছবি সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে চারটি গ্রেডে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ বিবেচনায় এ দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের প্রথম গ্রেডে মাসিক ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের শিক্ষানবিশকালীন বেতন ৩০ হাজার টাকা করার প্রস্তাবও দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা বেতন চাওয়া হয়েছে।

বাবুল আখতার বলেন, বর্তমান বাজারদর এবং চার সদস্যের একটি পরিবারের খাদ্য, ঘরভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের মাসিক ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা এবং শ্রমিকদের প্রত্যাশা বিবেচনায় দাবি নির্ধারণে সংযম দেখানো হয়েছে।

সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তারা সময় চেয়েছে। বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না দিলে বোর্ড অপেক্ষা করবে না। আগামী ১৬ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তারা মজুরি প্রস্তাব প্রস্তুতে যথেষ্ট সময় দিতে পারেননি। বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তাব জমা দেওয়া হবে। তিনি জানান, নতুন বেতন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হলে শ্রমিকেরা জানুয়ারির শুরুতে বাড়তি বেতন পাবেন।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়। এরপর বিভিন্ন এলাকায় শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির ওই কাঠামো কার্যকর হয় একই বছরের ডিসেম্বর থেকে। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, এখন থেকে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর। ফলে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!