ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
মানা হচ্ছে না সরকারি নির্দেশনা!

কলমাকান্দায় হাসপাতাল ঘেঁষে ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি!

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ৯ নভেম্বর ২০২৬
কলমাকান্দায় হাসপাতাল ঘেঁষে ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি!
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে কাছেই গড়ে উঠেছে একাধিক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারসহ চিকিৎসকের চেম্বার।

কোনোটি হাসপাতালের ২০ থেকে ২৫ ফুট, কোনোটি ৫০ থেকে ৬০ ফুট দূরত্বে। এসব প্রতিষ্ঠানের কয়েকটির লাইসেন্স নবায়ন না হওয়া, কোনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা এবং নতুন প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়াধীন থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সরকারি হাসপাতালের কর্মরত কিছু চিকিৎসকের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।

অথচ সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার পাশাপাশি ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে কলমাকান্দায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলামের স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া যাবে না। একই সঙ্গে ওই সীমানার মধ্যে বিদ্যমান ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।

চিঠিতে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করার জন্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতাল তথ্য অনুযায়ী, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে সারোয়ার ডায়াগনস্টিক সেন্টার, মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টার, মাতৃসেবা ডিজি ল্যাব, কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার (কেডিসি) প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে সারোয়ার ডায়াগনস্টিক সেন্টার, মাতৃসেবা ডিজি ল্যাব ও কেডিসির লাইসেন্স নবায়ন প্রয়োজন বলে জানা গেছে। মায়ের দোয়া ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই বলে স্থানীয় সূত্রের দাবি। 

এ ছাড়া কেডিসির প্যাথলজি বিভাগ সিলগালা করে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এসব প্রতিষ্ঠানের বর্তমান লাইসেন্সের অবস্থা, অনুমোদন, নবায়ন এবং সিলগালার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালে কর্মরত কিছু চিকিৎসক কর্মঘণ্টার মধ্যে হাসপাতালের বাইরে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখেন। আবার হাসপাতালের বহির্বিভাগের কোনো কোনো কক্ষে চিকিৎসককে নিয়মিত পাওয়া যায় না। কখনো কক্ষ বন্ধ থাকে, কখনো কক্ষ খোলা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকেন। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেকে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চিকিৎসা নেন।

এমনকি জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসকের বাইরে গিয়ে রোগী দেখার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দায়িত্ব পালনের সময়সূচি ও উপস্থিতির রেকর্ড পর্যালোচনা করা জরুরি।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত না হলে সাধারণ রোগীরা কোথায় যাবেন? সরকারি হাসপাতালের চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিয়ম থাকলে তার দায় কে নেবে? আর সরকারি হাসপাতালের কয়েক গজের মধ্যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা কতটা অনুসরণ করা হচ্ছে?

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার কথা বলা হলেও বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে চিকিৎসকদের প্র্যাকটিসের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তাই কলমাকান্দার হাসপাতালসংলগ্ন প্রতিষ্ঠানগুলোতে সরকারি চিকিৎসকদের রোগী দেখার অভিযোগের বিষয়টি বিশেষভাবে তদন্তের দাবি রাখে।

একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের বৈধতা, নবায়ন, অনুমোদিত সেবার পরিধি এবং প্যাথলজি কার্যক্রমের অনুমোদন যাচাই করা প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগ, জেলা সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের বাসিন্দা রেজাউল করিম আক্ষেপ করে বলেন, সরকারি বিধিবিধান এবং স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দিকনির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের নির্ধারিত সময়ে প্রায়ই বহির্বিভাগে চিকিৎসকদের চেম্বার বন্ধ পাওয়া যায়। এমনকি হাসপাতালের অদূরেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের প্ররোচনায় চিকিৎসকদের কেউ কেউ সেখানে গিয়ে রোগী দেখেন বলেও অভিযোগ করেন তিনি। এতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। সেখানে চিকিৎসক উপস্থিতি, দায়িত্বশীলতা ও মানসম্মত সেবা নিশ্চিত না করে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর রোগীদের নির্ভরশীলতা বাড়তে থাকলে সরকারি স্বাস্থ্যসেবার উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লাইসেন্সবিহীন ও নবায়নহীন প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি সরকারি চিকিৎসকদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। দায়িত্বে অবহেলা, কর্মস্থলে অনুপস্থিতি কিংবা সরকারি দায়িত্ব উপেক্ষা করে বাইরে রোগী দেখার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নূর ডায়াগনস্টিক সেন্টার স্বতাধিকারী জহিরুল ইসলাম মামুন বলেন - বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক সরকার যে উদ্যোগ নিয়েছেন। এটা ভালো ও প্রংশনীয়। সরকারি হাসপাতালের সেবা প্রত্যাশীদের সেবা সুনিশ্চিত হবে। আমরা আরো সুশৃঙ্খল ব্যবস্থায় থাকবো। আমরা যারা সরকারের নির্দেশনা অনুযায়ী বাহিরে আছি। আর যারা হাসপাতালের সন্নিকটে আছেন। জনস্বার্থে অচিরেই সীমানা বাহিরে স্থাপনা সরিয়ে নিবেন। 

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!