আখাউড়ার ৫৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ব্লুমিং ক্লাসরুম’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে চালু হচ্ছে ‘ব্লুমিং ক্লাসরুম’ পদ্ধতি। ‘যেভাবে শিখেছি বাংলা, সেইভাবে শিখব ইংরেজি’ স্লোগানে উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ইংরেজি পড়ার দক্ষতা অর্জন করাই এ উদ্যোগের লক্ষ্য।
সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা মডেল মসজিদ হল রোমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে ব্লুমিং ক্লাসরুমের শিক্ষা উপকরণ বিতরণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া।
ব্লুমিং ক্লাসরুম পদ্ধতির উদ্ভাবক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা পদ্ধতিটির বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়, প্রচলিত মুখস্থনির্ভর পদ্ধতির বাইরে গিয়ে শিশুদের মাতৃভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে ইংরেজি শেখানো হবে। শিশুরা যেভাবে পরিবার ও পরিবেশ থেকে বাংলা ভাষা রপ্ত করেছে, একইভাবে খেলাধুলা, আনন্দ ও নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে ইংরেজি শেখার সুযোগ পাবে। এতে ইংরেজি ভাষার প্রতি শিশুদের ভীতি কমার পাশাপাশি শেখার আগ্রহ বাড়বে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্ধারিত শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ইংরেজি পড়ার ভিত্তি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ৫৪টি বিদ্যালয়ে কার্যক্রমটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ইংরেজি শেখার দক্ষতা বাড়বে বলে আশা করছেন তারা।