গাজীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে সৌদি আরবপ্রবাসীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার প্রায় এক মাস পার হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযুক্তদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন তারা।
রোববার (৮ নভেম্বর) উপজেলার বোয়ালী ইউনিয়নের ডাকুরাইল উত্তরপাড়া গ্রামে এসব কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
পরিবারের অভিযোগ, ডাকুরাইল এলাকার সৌদি আরবপ্রবাসী রুস্তম আলী ও তার ভাই মোস্তফা হোসেনের সঙ্গে প্রতিবেশী দেলোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ১৭ অক্টোবর দুপুরে দেলোয়ার হোসেন ভাড়াটে লোকজন নিয়ে ভেকু দিয়ে তাদের বসতবাড়ি ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মোস্তফা হোসেন বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ ছয় থেকে সাতজনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন। তবে প্রায় এক মাসেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে মোস্তফা হোসেন অভিযোগ করেন, বিএনপির পরিচয় ব্যবহার করে দেলোয়ার হোসেন ভাড়াটে লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। ঘরের বিভিন্ন মালামালও লুট করে নেওয়া হয়েছে। মামলা করার পরও পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেপ্তার করছে না।
তিনি আরও অভিযোগ করেন, আসামিরা বিভিন্ন সময় তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। সুযোগ পেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। এ অবস্থায় দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।