ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ১৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ১৯
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাস উল্টে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ থেকে ১৯ জন শ্রমিক আহত হয়েছেন। নিহত আলমগীর দুর্ঘটনাকবলিত বাসটির চালকের সহকারী ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পতেঙ্গা থানার লিংক রোডের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর রয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বাসটি কর্ণফুলী ইপিজেডের বেনটক বিডি নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যাচ্ছিল। কর্ণফুলী টানেল থেকে বের হয়ে লিংক রোডে ওঠার সময় দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালকের সহকারী আলমগীর। বাসে থাকা বেশ কয়েকজন শ্রমিকও আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ জানান, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!