ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ৯ নভেম্বর ২০২৬
জলবায়ু সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়গুলো তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তার এ সরকারি সফর চলবে।

তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ বিশ্বনেতা সম্মেলন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা সফরসঙ্গী হবেন।

এরদোয়ানসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন চলছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্রসচিব বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এতে দুই দেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে এমন সাক্ষাতে নির্দিষ্ট কোনো প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার বিষয়ে তুরস্কের কোম্পানি সেলেবির আগ্রহ নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।

জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নে গুরুত্ব

পররাষ্ট্রসচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিভিন্ন হিসাব আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হয়। এর মাধ্যমে দেশের পরিস্থিতি সম্পর্কে বৈশ্বিক সচেতনতা তৈরি এবং সহযোগিতা আদায়ের পথ তৈরি হয়। তবে কপ প্রক্রিয়ায় বাংলাদেশ কতটুকু ক্ষতিপূরণ পেয়েছে, সে তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিতে পারবে।

বাংলাদেশের অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন খাতে অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

কপ সম্মেলনে থাকবে পাটের প্যাভিলিয়ন

জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরতে পাটের প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের নারীদের ঝুঁকি ও লিঙ্গভিত্তিক দুর্বলতা নিয়ে আলোচনা হবে। অন্যটিতে পরিবেশবান্ধব, পচনশীল ও বর্জ্যহীন পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণের চ্যালেঞ্জ তুলে ধরা হবে।

এসব আয়োজনে জলবায়ু পরিবর্তনে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে।

উল্লেখ্য, এবারের কপ সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক এবং আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়ার সহসভাপতির দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!