ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ৯ নভেম্বর ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের শহরতলির গোবরা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম সিকদার ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারজিল মোটরসাইকেলে ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবরা মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারজিলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!