লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরা খাল পরিষ্কারের উদ্যোগ
নড়াইলের লোহাগড়া পৌরসভার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ছাতরা খালের কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে আছে। খালটি পরিষ্কার করা হলে মাছ চাষের সুযোগ তৈরি হবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে এবং পরিবেশের উন্নতি হবে। এ কাজে সরকারিভাবে বরাদ্দ ছয় লাখ টাকার পাশাপাশি সবার সম্মিলিত শ্রম ও সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। ছাতরা খাল এলাকার সম্পদ, তাই এটি রক্ষার দায়িত্বও সবার। সম্মিলিত প্রচেষ্টায় খালটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হবে। এ ছাড়া খালকেন্দ্রিক একটি মৎস্যজীবী সমিতি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে জনকল্যাণমূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে। খালটি পরিষ্কার হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। লোহাগড়া পৌরসভাকে একটি মডেল ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।