ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ঢাকাসহ তিন জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর মনিটরিং সেল চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।