খাদ্যের অভাবে কেউ মারা যাবে না: খাদ্যমন্ত্রী
দেশে বর্তমানে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। খাদ্যের অভাবে দেশে কারও মৃত্যু হবে না।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
খাদ্যমন্ত্রী জানান, চলতি মৌসুমে সরকার ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কেনা হবে। তবে কৃষকরা বিক্রি করতে চাইলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করা হবে।
এ ছাড়া ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহমূল্য ৪৯ টাকা। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে ৪৮ টাকা কেজি দরে।
তিনি আরও জানান, আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। অন্যদিকে চাল সংগ্রহ কার্যক্রম চলবে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চালের বাজার পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের দাম বাড়েনি। তবে মিনিকেট চালের দাম বেড়েছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে চাল রপ্তানির সুযোগ দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। খাদ্যসংকটের কারণে কেউ মারা যাবে না। কৃষকদের আর্থিক ও সামগ্রিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে।