৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ৬ থেকে ১৬ বছর বয়সীদের তথ্যভান্ডার তৈরির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করা যেতে পারে।
বৈঠকে এ বিষয়ে বিস্তারিত কর্মশালা আয়োজনের নির্দেশ দেন ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কার্যকর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি অনুবিভাগ) মহাপরিচালককে।
বর্তমানে ১৭ বছর বয়স পূর্ণ হলে এনআইডি পাওয়ার সুযোগ রয়েছে। আর ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ ও পরিচয় নিশ্চিত করার সুবিধার্থে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এ প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে কমিশন।
এদিকে ইসির সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।