ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ৮ নভেম্বর ২০২৬
বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা
সংগৃহীত ছবি

আইনি জটিলতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের ঘটনায় যখন আলোচনায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা, ঠিক তখনই বধূর সাজে হাজির হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসি শাড়ি ও জমকালো গয়নায় সাজানো এক ডজনেরও বেশি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে।

সোনালি ও রুপালি জরির কাজ করা লাল বেনারসি শাড়ির সঙ্গে ছিল নকশাদার ব্লাউজ ও লাল ওড়না। মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় চোকার ও ভারী গয়না এবং খোঁপায় সাদা ফুল—সব মিলিয়ে রাজকীয় সাজে ধরা দিয়েছেন তিশা।

গত শনিবার (৭ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করেন তিনি। তবে ছবির পাশাপাশি নজর কেড়েছে অভিনেত্রীর দেওয়া ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’

সাম্প্রতিক নানা বিতর্ক ও প্রতিকূলতার মধ্যে এমন ক্যাপশন দিয়ে নিজের দৃঢ় অবস্থানের বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

এদিকে শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে আইনি জটিলতায় রয়েছেন তানজিন তিশা। তার বিরুদ্ধে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা চলমান রয়েছে।

এর পাশাপাশি নাট্যশিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ থেকে অনির্দিষ্টকালের জন্য তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারামারির অভিযোগ এবং বিষয়টি মীমাংসায় অনীহার প্রেক্ষাপটে সংগঠনটি এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

তবে বিতর্কের মধ্যেও বধূর সাজে তিশার ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ মজা করে বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে অভিনয়জীবনেও নতুন চ্যালেঞ্জের মুখে রয়েছেন এই অভিনেত্রী। নাটকে কাজের পরিমাণ কমিয়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন তিনি। শাকিব খানের বিপরীতে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তার। তবে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও নানা কারণে কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে সিনেমাটির মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!