ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

২৭৭ কিলোমিটার দূরে হারিয়ে যাওয়া বৃদ্ধার ঘরে ফেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ৯ নভেম্বর ২০২৬
২৭৭ কিলোমিটার দূরে হারিয়ে যাওয়া বৃদ্ধার ঘরে ফেরা
ছবি: ডেইলি বাংলাদেশ

পথ হারিয়ে যশোরের ঝিকরগাছা থেকে ২৭৭ কিলোমিটার দূরে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর বাড়ি ফিরছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে যশোরের ঝিকরগাছার উদ্দেশে রওনা হন শানু বেগম। তাঁকে ফিরিয়ে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। তাঁরা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগম তাঁর কাছে আসেন। প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে বাড়ি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান সার্বিক সহযোগিতা করেছেন।

ইউএনও আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নয় দিন শানু বেগমের অস্থায়ী আশ্রয় ও থাকা-খাওয়ার ব্যবস্থা করে সংগঠনটি। এর আগে ১৭ দিন আগে তিনি সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলেন। পরে ঘুরতে ঘুরতে চলে আসেন কলাপাড়ায়।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!