বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তারা চিঠি দিয়ে আগেই জানিয়েছেন। তবে যাত্রী পারাপার, বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালু থাকবে।
পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় সোমবার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি বেনাপোলের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্যের বড় একটি অংশ বাংলাদেশে আসে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৩০০ থেকে ৩৫০টি পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিপরীতে প্রায় ১০০ ট্রাক পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। শিল্পকারখানার কাঁচামাল, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয় এ পথে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলে দুই দেশের বন্দরে পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এতে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাকসামগ্রী ও পচনশীল পণ্য পরিবহনে সমস্যা তৈরি হয়। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।
এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকে।
বেনাপোল দিয়ে প্রতিদিন চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং যাত্রী যাতায়াত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব পায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারত থেকে আসা এবং ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সোমবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে। আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাক ভারতে ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখাও খোলা থাকবে। মঙ্গলবার সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হবে।