রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসির প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ক্রমহ্রাসমান সম্পদের মধ্যেও রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনকে (আইএফআরসি) বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইএফআরসির বাংলাদেশে নবনিযুক্ত হেড অব ডেলিগেশন সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে গেলে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠকে রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা তুলে ধরে হুমায়ুন কবির জরুরি সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন।
প্রতিমন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের প্রশংসা করেন এবং সংস্থাটির সঙ্গে সহযোগিতা আরও জোরদারে সরকারের আগ্রহের কথা জানান।
এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়ার প্রশংসা করে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও আগাম পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশের সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক সেবা সম্প্রসারণ, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জরুরি সাড়াদান কার্যক্রম উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে কাজ করার অঙ্গীকার করেন।
বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।