ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাজারের ৬৮ ডেকচি আত্মসাতের অভিযোগ, সব অক্ষত পাওয়ার দাবি প্রশাসকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ৯ নভেম্বর ২০২৬
মাজারের ৬৮ ডেকচি আত্মসাতের অভিযোগ, সব অক্ষত পাওয়ার দাবি প্রশাসকের
রোববার খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার পরিদর্শনে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের আগের পরিচালনা কমিটির বিরুদ্ধে অর্থ ও বিভিন্ন সরঞ্জাম আত্মসাতের অভিযোগ তুলেছেন সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে দেশজুড়ে লুটপাটের পাশাপাশি মাজারের সম্পদও আত্মসাৎ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, আগের মাজার কমিটির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি ও বিভিন্ন সরঞ্জাম আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া মাজারের আঙিনার কয়েকটি বড় গাছও কেটে ফেলা হয়েছে। এসব অনিয়মের তথ্য আড়াল করতে আগের কমিটি হিসাব-নিকাশের কাগজপত্র সরিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি মাজারের ডেকচি গায়েব হওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এ ঘটনায় চসিক প্রশাসক ও তার অনুসারীদের দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাজারে গিয়ে সরেজমিনে পরিস্থিতি যাচাই করেন তিনি।

প্রশাসক জানান, চলতি বছরের ২৫ জুন ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক মো. শাখাওয়াত হোসেনের স্বাক্ষর করা তালিকা অনুযায়ী, বর্তমান কমিটির কাছে ২০টি বড় ও ১২টি ছোটসহ মোট ৩২টি ডেকচি হস্তান্তর করা হয়েছিল। রোববার নিজে গুনে দেখেছেন, তালিকাভুক্ত সব ডেকচিই অক্ষত রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের লুটপাটের কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের আমলে আবু তাহের নামের যে মোতোয়াল্লি মাজারের দায়িত্ব নিয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের লোক ছিলেন বলে দাবি করেন তিনি।

মাজার পরিচালনা কমিটির বিষয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়। পদাধিকারবলে চসিক প্রশাসক হিসেবে তিনি ওই কমিটির সভাপতির দায়িত্ব পান।

তবে আগের মোতোয়াল্লি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। পরে চট্টগ্রাম ওয়াক্‌ফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দায়িত্ব বুঝে নেয় বর্তমান কমিটি। ২৫ জুন দায়িত্ব গ্রহণের দিন মাজারে থাকা ডেকচিসহ বিভিন্ন সরঞ্জামের তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর রয়েছে।

মাজার পরিদর্শনকালে চট্টগ্রামের ওয়াক্‌ফ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন, পরিচালনা কমিটির সেক্রেটারি গোলাম সরওয়ার, সদস্য আবদুল হালিম স্বপন, ফারুক শিকদার, মো. রুবেল, আবদুল মান্নান, ইদ্রিস আলী, হিসাবরক্ষক আনিসুর রহমান, নবী হোসেন, রায়হান আলম ও জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!