ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোমরা বন্দরে ১০ টন চাল আত্মসাৎ, চট্টগ্রাম-কুমিল্লায় গ্রেফতার ৪

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬, ৯ নভেম্বর ২০২৬
ভোমরা বন্দরে ১০ টন চাল আত্মসাৎ, চট্টগ্রাম-কুমিল্লায় গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১০ টন চাল আত্মসাতের মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় নম্বর প্লেট পরিবর্তন করে প্রতারণায় ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

গত ৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজিদ বোস্তামী ও বাকলিয়া থানা এলাকা এবং কুমিল্লার দেবিদ্বার থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১০ মে বিকেল ৫টার দিকে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে ২০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক নিয়ে যশোরের নওয়াপাড়ার এমবিকে এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালক মো. সিরাজ মিয়া (৬৩)। চালগুলো প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট গন্তব্যে চাল কিংবা ট্রাক কোনোটিই পৌঁছায়নি।

এ ঘটনায় জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার শ্রী সাধন দাস বাদী হয়ে ২০২৫ সালের ১৭ মে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন। দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, পরস্পর যোগসাজশে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে চালগুলো আত্মসাৎ করা হয়। অপরাধের তথ্য গোপন করতে ট্রাকটির নম্বর প্লেটও পরিবর্তন করা হয়েছিল।

মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই মো. শাকিল জোয়ার্দ্দার অভিযান চালিয়ে মাগুরার শালিখা এলাকা থেকে মো. সোহাগ হোসেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করেন। পরে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে এসআই সমীর গাইন মামলাটির দায়িত্ব নেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনি গত ৬ নভেম্বর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তিনজন এবং কুমিল্লার দেবিদ্বার থেকে একজনকে গ্রেফতার করেন। একই সঙ্গে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে পরিবর্তিত নম্বর প্লেট ব্যবহার করা চট্টগ্রাম মেট্রো-ট ১১-৯৩৮৪ নম্বরের ট্রাকটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আত্মসাৎ করা চাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!