সবজিতে বিষাক্ত সিসা-ক্যাডমিয়াম, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ক্ষতিকর জীবাণু। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের মাধ্যমে এসব বিষাক্ত উপাদান দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় সবজি চাষে কৃষকদের একটি অংশ নির্ধারিত নিয়ম না মেনেই কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করছেন। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পরই জমি থেকে সবজি তুলে বাজারে পাঠানো হচ্ছে। এতে সবজিতে রাসায়নিকের ক্ষতিকর অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকায় প্রায় চার দশক ধরে সবজি চাষ করছেন কৃষক আব্দুর রাজ্জাক। বুধবার প্রায় দুই বিঘা জমিতে চালকুমড়া ও শসার ক্ষেতে তাকে কীটনাশক প্রয়োগ করতে দেখা যায়। এ সময় তার শরীরে কোনো সুরক্ষাসামগ্রী ছিল না। পাশের জমিতে কাজ করা কৃষক জাহাঙ্গীর আলমের ক্ষেতেও বাতাসে ছড়িয়ে পড়ছিল রাসায়নিকের গন্ধ।
আব্দুর রাজ্জাক জানান, কীটনাশক ব্যবহারের পর অনেক সময় তার মাথাব্যথা হয়। তবে সাধারণত এক দিন পরই ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। কখনো দাম ভালো থাকলে আরও আগেই ফসল তুলে ফেলেন। পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুইবারও কীটনাশক প্রয়োগ করতে হয়।
অথচ তার ব্যবহৃত প্রোক্লেম-০৫ এসজি কীটনাশকের মোড়কে শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন অপেক্ষা করে ফসল সংগ্রহের নির্দেশনা রয়েছে। কৃষকদের ভাষ্য, এত দিন অপেক্ষা করলে উৎপাদন খরচ ওঠানো কঠিন হয়ে পড়ে। তাই বাজারে চাহিদা ও ভালো দাম পেলে দ্রুত সবজি বিক্রি করেন তারা।
একই পরিস্থিতি দেখা গেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও। সেখানে ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সসহ বিভিন্ন আগাম শীতকালীন সবজি উৎপাদন করছেন কৃষকরা। কৃষক খালেদুল জানান, এসব ফসলে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক প্রয়োগ করতে হয়। এরপর দুই-এক দিনের মধ্যেই সবজি বাজারে পাঠানো হয়। অনেক কৃষক সরাসরি ঢাকায় সবজি সরবরাহ করেন।
এদিকে উৎপাদন খরচ কমাতে কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহারের প্রবণতাও রয়েছে। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান জানান, ভালো মানের পণ্যের তুলনায় কিছু কম দামের বালাইনাশক দ্রুত কাজ করে। এগুলো ক্ষতিকর বলে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক কারণে কখনো ব্যবহার করতে হয়।
স্থানীয় এক বালাইনাশক বিক্রেতার বক্তব্যেও উঠে এসেছে এ ব্যবসার আরেকটি দিক। তিনি জানান, নামসর্বস্ব প্রতিষ্ঠানের কম দামের পণ্য বিক্রি করে তুলনামূলক বেশি লাভ হয়। ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে যেখানে প্রায় ২০ টাকা লাভ থাকে, সেখানে ১০০ টাকার কম দামের পণ্যে লাভ হয় ৩০ থেকে ৪০ টাকা। কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্য বিক্রি বন্ধ করা কঠিন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে এর ব্যবহার বেশি। অন্যদিকে আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলো ব্যবহারে অনীহা রয়েছে। নিরাপদ বালাইনাশকের ক্ষেত্রে সরকারি ভর্তুকি দেওয়া হলে কৃষকদের আগ্রহ বাড়তে পারে।
বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় প্রতি মিলিয়নে ১ দশমিক ১৬ থেকে ২ দশমিক ৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। পাশাপাশি ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে ০.৩৩ পিপিএম। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা ০.৩ পিপিএম হলেও নমুনায় সর্বোচ্চ পাওয়া মাত্রা ছিল এর প্রায় আট গুণ।
ঢাকাসহ দেশের ১৯টি জেলা থেকে নমুনা সংগ্রহ করে এসব পরীক্ষা চালানো হয়। এতে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণুর উপস্থিতিও শনাক্ত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমা হলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে কৃষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত জনবল তাদের নেই। এ দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে মাঠপর্যায়ে তদারকির ঘাটতি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ কৃষক তা অনুসরণ করেন না। ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ নানা জটিল রোগের ঝুঁকিতে পড়ছে।
২০২৪ সালে পরিচালিত আরেকটি গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়। এসব সবজির মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
এ ছাড়া বিএফএসএর পৃথক এক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪ দশমিক ৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। যেখানে সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। একই গবেষণায় বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও নির্ধারিত সীমার বেশি ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে।
সাম্প্রতিক আরেক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বেগুন এবং জমির মাটিতে সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে। গবেষকদের ধারণা, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি থেকে খাদ্যশস্যে এসব ক্ষতিকর উপাদান প্রবেশের অন্যতম কারণ হতে পারে।
গবেষকদের মতে, নির্দিষ্ট কোনো সবজি বর্জন করাই এ সমস্যার সমাধান নয়। বরং সবজি উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ ও কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।