জেব্রা দিয়ে বাঘ আনল গাজীপুর সাফারি পার্ক
এক চিড়িয়াখানার বাড়তি বাঘ, অন্য পার্কের অতিরিক্ত জেব্রা দুই প্রতিষ্ঠানের প্রাণীর চাহিদা মেটাতে হলো ব্যতিক্রমী বিনিময়। ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি পূর্ণবয়স্ক বাঘ পেয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক। এরই মধ্যে তিনটি জেব্রা চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকি তিনটিও শিগগিরই পাঠানো হবে। শুক্রবার ভোররাতে নতুন অতিথি হিসেবে তিন বাঘের আগমনে পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। এতে পার্কে বাঘের বৈচিত্র্য ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশেষ ব্যবস্থাপনায় একটি ট্রাকে করে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার একই ট্রাকে বিশেষ ব্যবস্থাপনায় তিনটি বাঘ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন সংশ্লিষ্টরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুক্রবার ভোররাতে বাঘ তিনটি সাফারি পার্কে এসে পৌঁছায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাফারি পার্ক প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিদেশ থেকে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রোগে কয়েকটি বাঘের মৃত্যু হয়। অন্যদিকে পার্কে জন্ম নেয় নতুন বাঘশাবক। দীর্ঘদিন ধরে থাকা কয়েকটি বাঘের বয়সও বেড়ে যায়। ফলে পার্কের বাঘের সংগ্রহে নতুন প্রাণী যুক্ত করার প্রয়োজন দেখা দেয়। এ জন্য নতুন বাঘ আমদানির প্রস্তুতিও নিচ্ছিল পার্ক কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ থাকলেও জেব্রার ঘাটতি রয়েছে বলে জানতে পারে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে সাফারি পার্কে প্রয়োজনের তুলনায় বেশি জেব্রা থাকায় দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাণী বিনিময়ের সম্ভাবনা তৈরি হয়। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছয়টি জেব্রার বিনিময়ে তিনটি বাঘ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে প্রথম ধাপে তিনটি জেব্রা পাঠানো হয়েছে। বাকি তিনটি জেব্রাও দ্রুত পাঠানোর প্রস্তুতি চলছে।
নতুন বাঘগুলোর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি পার্কে পৌঁছেছে। বাঘগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং যথাসময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বিশেষ যত্ন ও পরিচর্যায় রাখা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি পার্কে এসে পৌঁছেছে।
আপাতত বাঘগুলোকে আলাদা আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন তিনটি বাঘ যুক্ত হওয়ায় পার্কে বাঘের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে। এতে পার্কে আসা দর্শনার্থীদের বাঘ দেখার সুযোগ আরও বাড়বে।