ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি
চীনে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস জানিয়েছে, তিন দেশের নেতাদের মধ্যে এই বৈঠকের পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় এ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
ওয়েলস জানান, বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও তা হ্রাসের বিষয় নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। তাঁর ভাষ্য, পারমাণবিক অস্ত্রের বিস্তারকে মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।
বিশ্বের প্রধান তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এ আলোচনায় ইরান প্রসঙ্গও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার পরিকল্পনা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বার্তা সংস্থা এপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
২১ সদস্যের দুই দিনব্যাপী অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর দুই নেতার মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।
অলিভিয়া ওয়েলস বলেন, চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। এ ছাড়া মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওয়েলসের দাবি, এ সফর যুক্তরাষ্ট্রের জনগণের জন্য গুরুত্বপূর্ণ অর্জন নিশ্চিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দেশটির স্বার্থ এগিয়ে নেবে।
এদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারগুলোর ওপর বিদ্যমান গুরুত্বপূর্ণ বিধিনিষেধের অবসান ঘটে। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের অবসানের পর গড়ে ওঠা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতাও বড় ধরনের সংকটে পড়ে।
জাতিসংঘ দুই দেশকে বিলম্ব না করে নতুন একটি কাঠামোতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, চীনের অংশগ্রহণে আগের চুক্তির চেয়ে আরও কার্যকর একটি চুক্তি করা সম্ভব। চীনও নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে বলে উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকেরা বিবিসিকে জানিয়েছিলেন, নতুন চুক্তিতে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে। এ প্রক্রিয়ায় কয়েক বছরও লেগে যেতে পারে।
চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথেয়তা দিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ ধরনের আলোচনার প্রস্তুতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
সূত্র: বিবিসি