ঢাকার বায়ুমান আজও অস্বাস্থ্যকর
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে রয়েছে কলকাতা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুদূষণ স্কোর ২৩০। ফলে শহরটির বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দিল্লির স্কোর ২১৮ এবং কলকাতার বায়ুর মানও একই শ্রেণিতে রয়েছে। অন্যদিকে, ঢাকার দূষণ স্কোর ২০০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-কে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।