ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিজ্ঞানী ও লেখক পূরবী বসুর মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞানী ও লেখক পূরবী বসুর মৃত্যু
সংগৃহীত ছবি

বিজ্ঞান গবেষণা ও বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিজ্ঞানী ও লেখক পূরবী বসু আর নেই। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। তিনি জানান, দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী বসু। এর আগে তিনি স্ট্রোকেও আক্রান্ত হন। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিক্যাল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন।

কর্মজীবনে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন তিনি। পরে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিজ্ঞান গবেষণার পাশাপাশি সাহিত্যচর্চায়ও ছিল তার সক্রিয় পদচারণা। কথাসাহিত্য, কবিতা ও প্রবন্ধের মাধ্যমে তিনি নারী অধিকার, প্রান্তিক জনগোষ্ঠী এবং সামাজিক বৈষম্যের নানা বিষয় তুলে ধরেছেন। ৪০টির বেশি বই লিখেছেন তিনি।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান পূরবী বসু।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!