বনানীর কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন নেভানো হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।