কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপ্তি
সাহিত্য ও গবেষণার মেলবন্ধনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইংরেজি সাহিত্যের শিক্ষক ও গবেষকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচারস ইন ইংলিশ, বাংলাদেশ (এটিএলইবি)-এর দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন। ১৩ ও ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সম্মেলনে দেশের ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ প্রায় ২৫০ জন অংশ নেন। সম্মেলনের বিভিন্ন একাডেমিক অধিবেশনে উপস্থাপিত হয় ৫২টি গবেষণাপত্র।
‘Postcolonial Urban Modernity: Representations in Film and Fiction’ শীর্ষক সম্মেলনটি এটিএলইবির উদ্যোগে এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের সভাপতি সহকারী অধ্যাপক মো. রাকিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক ও গবেষকদের প্রতি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের গবেষণায় দিকনির্দেশনা ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, ‘ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের তরুণ শিক্ষকদের গবেষণায় দিকনির্দেশনা ও সহযোগিতা করবেন। আমি চাই, আমাদের শিক্ষকেরা বছরে অন্তত তিনটি করে গবেষণা প্রবন্ধ প্রকাশ করুন। কোনো শিক্ষক জার্নালে প্রবন্ধ প্রকাশ করলে প্রকাশনার সম্পূর্ণ খরচ, তা ২০ বা ২৫ হাজার টাকা যা-ই হোক না কেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান উপাচার্য। তিনি বলেন, শিগগিরই কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আইন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হবে।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক কায়সার হামিদুল হক, পিএইচডি। ‘Some Dhaka Tale’ শীর্ষক প্রবন্ধে তিনি ঢাকার নগরজীবন, নগর-অভিজ্ঞতা ও শহরের বহুমাত্রিক বাস্তবতা তুলে ধরেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেসের পরিচালক অধ্যাপক ড. মাসউদ আখতার।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সাহিত্য ও চলচ্চিত্রে উত্তর-ঔপনিবেশিক নগর আধুনিকতার উপস্থাপন। নগরায়ণ, ঔপনিবেশিকতা, ক্ষমতার সম্পর্ক, সাংস্কৃতিক পরিচয় এবং উত্তর-ঔপনিবেশিক সমাজের বিভিন্ন দিক নিয়ে গবেষকেরা তাঁদের চিন্তা, বিশ্লেষণ ও গবেষণালব্ধ পর্যবেক্ষণ তুলে ধরেন।
শনিবার (১৪ নভেম্বর) সম্মেলনের দ্বিতীয় দিনে দিনব্যাপী তিনটি সমান্তরাল একাডেমিক অধিবেশন ও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে গবেষক ও শিক্ষার্থীরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন গবেষণার বিষয়বস্তু ও তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশ নেন। তাঁদের অনেকে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে জাতীয় পর্যায়ের একাডেমিক পরিসরে নিজেদের গবেষণার আগ্রহ ও সক্ষমতা তুলে ধরেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা এবং অতিথিদের সহযোগিতায় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।
সম্মেলনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। গবেষণাপত্র উপস্থাপন, একাডেমিক আলোচনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টায় দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্মেলনের সার্বিক আয়োজন প্রসঙ্গে সম্মেলনের সভাপতি ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. রাকিবুল আলম বলেন, ‘এ সম্মেলন কিশোরগঞ্জের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় এমন একটি জাতীয় পর্যায়ের একাডেমিক আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।’
আয়োজকদের মতে, এ ধরনের জাতীয় সম্মেলন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও একাডেমিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি তরুণ গবেষকদের গবেষণায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ আয়োজন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের একত্রিত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।