নেত্রকোনার কৃষিতে বাড়ছে সার ও কীটনাশকের কালোছায়া
ধান উৎপাদনের অন্যতম জেলা নেত্রকোনা। জেলার কয়েক লাখ কৃষকের জীবিকা নির্ভর করে কৃষির উপর। এর বড় একটি অংশ আসে ধান থেকে। বছরে বোরো ও আমন এই দুই মৌসুমে জেলায় ধান চাষ হয় বেশি। বিশেষ করে হাওরাঞ্চলের বোরো ধান জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মৌসুমি শাকসবজি উৎপাদনও গ্রামীণ মানুষের আয়ের অন্যতম উৎস।
তবে ক্রমবর্ধমান ফসল উৎপাদনের চাহিদা মেটাতে কৃষিতে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষতিকর ও ভেজাল কীটনাশকও। ফলে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে মাটি, পানি ও পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব।
কৃষি সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড় ও বিভিন্ন প্রজাতির প্রাণীও মারা যাচ্ছে। এতে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উপকারী প্রাণীর সংখ্যা কমায় ইঁদুরের উপদ্রব বাড়ার বিষয়টিও সামনে আসছে।
_1794689864.jpeg)
এদিকে, ফসলের মাঠে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে অনেক কৃষকেরই সঠিক নিয়ম ও নিরাপত্তাবিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। কীটনাশকের মাত্রা, ব্যবহারের পদ্ধতি কিংবা প্রয়োগের সময় প্রয়োজনীয় সতর্কতা না মেনেই অনেকে জমিতে রাসায়নিক কীটনাশক ছিটাচ্ছেন। এমনকি কীটনাশক প্রয়োগের সময় মাস্ক, হাতমোজা, চশমা ও সুরক্ষামূলক পোশাকের মতো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও ব্যবহার করছেন না অনেক কৃষক।
ফলে কীটনাশক ছিটানোর সময় বিষাক্ত রাসায়নিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করছে। আবার ত্বকের সংস্পর্শ কিংবা খাবার ও পানির মাধ্যমে এসব রাসায়নিক শরীরে প্রবেশের ঝুঁকিও তৈরি হচ্ছে। এতে কৃষকদের তাৎক্ষণিকভাবে মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট, চোখ ও ত্বকে জ্বালাপোড়াসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। শুধু সাময়িক অসুস্থতাই নয়, দীর্ঘদিন ধরে অনিরাপদভাবে কীটনাশকের সংস্পর্শে থাকার ফলে স্নায়ুতন্ত্র, লিভার ও কিডনির ক্ষতির পাশাপাশি কিছু ক্ষেত্রে ক্যানসারসহ দীর্ঘমেয়াদি জটিল রোগের ঝুঁকিও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।_1794689821.jpeg)
প্রতি মৌসুমের শুরুতেই বীজ, সার ও কীটনাশক কিনতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে নেত্রকোনা জেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। সব মিলিয়ে জেলাজুড়ে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৩৫ মেট্রিক টন সার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এসব সারের বড় একটি অংশ ব্যবহার হয় বোরো মৌসুমে। শুধু সার নয়, ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে প্রতিবছর কীটনাশকের পেছনেও বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। এই কীটনাশক ব্যবহারেও বছরে ব্যয় হচ্ছে প্রায় শত কোটি টাকা।
দুর্গাপুরের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হক চলতি আমন মৌসুমে কয়েক কাঠা জমিতে ধান আবাদ করেছেন। জমিতে এক দফা আগাছানাশক প্রয়োগ করেও আগাছা নিয়ন্ত্রণে সফল হননি তিনি। ফলে দ্বিতীয় দফায় আবারও ওয়াইড আউট, পরিস্কার (১০ ডব্লিউপি), লুবাদা সহ বিভিন্ন ধরনের আগাছানাশক ওষুধ প্রয়োগ করতে হচ্ছে। ধান চাষে এখন সার ও কীটনাশকের ওপর নির্ভরতা অনেক বেড়েছে। আগাছা দমন থেকে শুরু করে ধানের বিভিন্ন পর্যায়ে একাধিকবার ওষুধ প্রয়োগ করতে হয়। পাশাপাশি সার ছাড়া ভালো ফলন পাওয়া কঠিন। এতে বাড়ছে উৎপাদন খরচ।
তিনি আরও বলেন, আবহাওয়ার পরিবর্তনেও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজনের সময় বৃষ্টি না হওয়া, আবার অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে। গত বোরো মৌসুমেও প্রাকৃতিক দুর্যোগে ধানের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কৃষিতে এখন ঝুঁকি বেড়েছে। এছাড়াও কৃষি উপকরণের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আগে যে সার প্রতি বস্তা ৭৫০ থেকে ৮৫০ টাকায় কিনতেন, বর্তমানে সেই সারের দাম বেড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা হয়েছে। বর্তমানে সেই সারের দাম বেড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা হয়েছে। জ্বালানি ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধিতে চাষাবাদের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
আর আটপাড়ার মঙ্গলসিদ্ধ গ্রামের কৃষাণী বেগম জানান, আগে জমিতে তেমন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা যেত। কিন্তু এখন সার ও কীটনাশক ছাড়া ফসল ফলানো কঠিন হয়ে পড়েছে। নিজের জমি ও জৈব সার ব্যবহারের সুযোগ না থাকায় বাজার থেকে কেনা সবজির ওপরই নির্ভর করতে হচ্ছে তাদের।
তিনি আরো বলেন, বাজারের সবজিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে এসব খাবার খেয়ে মানুষ নানা শারীরিক সমস্যায় ভুগছে বলে তাদের আশঙ্কা। অন্যদিকে ধান ও সবজি উৎপাদনেও রাসায়নিক উপকরণের ওপর নির্ভরতা বাড়ছে। এতে কৃষকের খরচ বাড়ার পাশাপাশি জমির মাটির গুণাগুণও নষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি। আগে কম উপকরণে ভালো ফসল পাওয়া গেলেও এখন সার ও কীটনাশক ছাড়া চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে।
নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, কৃষিতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও কীটনাশকমুক্ত ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফসলের ক্ষতিকর পোকামাকড় দমনে জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ এবং আলোক ফাঁদের মতো পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এসব পদ্ধতির মাধ্যমে ফসলের ক্ষতি কমানোর পাশাপাশি মাটি, পানি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে কৃষি বিভাগ। এছাড়া কৃষকরা যাতে স্বল্প খরচে অধিক ফলন পেতে পারেন, সে লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, মাঠপর্যায়ে পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করা হচ্ছে।