ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৫, ১৫ নভেম্বর ২০২৬
শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি
শাকিব খান ।। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পাকিস্তানের চলচ্চিত্র বাজার নিয়ে তার দেওয়া একটি পরিসংখ্যান নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শাকিবের দাবি, দেশটিতে বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল রয়েছে। অথচ পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, দেশটিতে সচল সিনেমা হল রয়েছে মাত্র ৪৮টি এবং সচল পর্দার সংখ্যা ১১৫টি।

বৃহস্পতিবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান শাকিব খান। তিনি বলেন, পাকিস্তানি চলচ্চিত্রশিল্প সম্পর্কে আগে তার ধারণা খুব একটা ইতিবাচক ছিল না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, দেশটিতে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল ও অনেক আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। সেখানে একটি সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শাকিবের এই বক্তব্যের পাশাপাশি তার আসন্ন সিনেমা ‘মোহাব্বত’ নিয়েও আলোচনা চলছে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে নায়িকার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পাকিস্তানে সচল পর্দা ১১৫টি, হল ৪৮টি: পাকিস্তানের চলচ্চিত্র বাজার নিয়ে শাকিবের দেওয়া তথ্যের সঙ্গে দেশটির সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যানের বড় ব্যবধান রয়েছে। ২০২৪ সালের ১০ এপ্রিল পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল।

এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ১৮ মার্চ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দেশটির সিনেমা হলের আরও সংকটাপন্ন চিত্র উঠে আসে। প্রদর্শক নাদিম মান্দিভাল্লার দেওয়া নথির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ৩৬টি সিনেমা হলের ৫৮টি পর্দা স্থায়ীভাবে এবং ৯টি পর্দা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে ৪৮টি সিনেমা হলে কার্যকর পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে। এই পরিসংখ্যানের সঙ্গে শাকিবের বলা ১ হাজার ২০০টি সিনেমা হলের তথ্যের কোনো মিল পাওয়া যায় না।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!