ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদের যে বার্তা দিলেন অনন্ত জলিল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১৩ নভেম্বর ২০২৬
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদের যে বার্তা দিলেন অনন্ত জলিল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। একই সঙ্গে সামাজিক মাধ্যমে টিআরপি পাওয়ার উদ্দেশ্যে কাজ করা ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করেন অনন্ত জলিল। সেখানে পবিত্র কোরআনের দুটি আয়াত উল্লেখ করার পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

পোস্টের শুরুতে সুরা ফাতিহার একটি আয়াত ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ উল্লেখ করেন এই অভিনেতা। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ আয়াতটি উল্লেখ করেন। এর অর্থ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনন্ত জলিল। তিনি লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

অন্যদিকে, টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ।’ পাশাপাশি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সে দোয়াও করেন তিনি।

অনন্ত জলিলের পোস্টের পর ভক্ত ও অনুসারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এস এম মাসুম বাবুল নামের একজন মন্তব্যে লেখেন, ধৈর্য ধরতে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে। তার ভাষ্য, অনন্ত জলিলের প্রতি মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে এবং আল্লাহ তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেবেন।

অনন্ত জলিল এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাকে ও তার স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পক্ষ থেকে এ নোটিশ পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!