ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৩ নভেম্বর ২০২৬
লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৩
লালমোহনে ইয়াবা-গাঁজাসহ আটক তিন যুবক। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হামিদ হাওলাদার বাড়ির মৃত আলী আকবরের ছেলে মো. বেল্লাল (৩০), বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সালাম মুন্সি বাড়ির মো. শাহ আলমের ছেলের মো. আরাফাত ওরফে ইমরান (২৩) এবং ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকার হকু মৃধা বাড়ির মৃত মালেক মৃধার ছেলে মো. আব্দুর রহমান (২৮)।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গল শিকদার লঞ্চঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান চালান এসআই অসীম চন্দ্র কর্মকার সঙ্গীয় ফোর্স। এ সময় ওই এলাকা থেকে মো. বেল্লাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। 

অন্যদিকে, রাত ১২টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীরহাট বাজারের উত্তর পাশে মান্নান মাস্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে মো. আরাফাত ওরফে ইমরান (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশ। এসআই প্রসেনজিৎ হালদার সঙ্গীয় ফোর্স পরিচালিত এ অভিযানে আরাফাতের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া একইদিন রাত সাড়ে ১২টার দিকে লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রহমান (২৮) নামে আরও একজনকে আটক করেন এসআই অসীম চন্দ্র কর্মকার সঙ্গীয় ফোর্স। এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এরপর শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!