গোপালগঞ্জে এমপির গাড়িবহরে বাসের ধাক্কা, দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার
গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় এমপিকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীর প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলার গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহর বরইতলা এলাকায় পৌঁছালে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা একের পর এক যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইকসহ অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজীর ঢাকা মেট্রো-গ-২৯-৩৪৯৪ নম্বরের প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, বাসের ধাক্কায় সামনে থাকা যানবাহনগুলোর মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রাইভেটকারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।