ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চারদিকে এইচএসসির ফল বিপর্যয়, লালমোহনে ব্যতিক্রম হা-মীম

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৩১ অক্টোবর ২০২৬
চারদিকে এইচএসসির ফল বিপর্যয়, লালমোহনে ব্যতিক্রম হা-মীম
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফাইল ছবি।

সারাদেশে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। তবে এমন বিপর্যয়ের মধ্যেও ভোলায় আলোর দিশা দেখিয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন চারজন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫ দশমিক ৫৯ শতাংশ।

অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ এবং ভোলা জেলায় পাসের হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ। সার্বিক ফলাফলের এমন বিপর্যয়ের মধ্যেও হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। তিনি বলেন, এ বছর সারাদেশেই এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতেও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফলাফল অর্জন করেছে। কৃতকার্য শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি যারা উত্তীর্ণ হতে পারেনি, তারা যেন হতাশ না হয়ে আরও ভালো প্রস্তুতি নিয়ে আগামীতে কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে পারে সেই প্রত্যাশা করছি।

এদিকে, লালমোহন উপজেলার অন্যান্য কলেজের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানেই পাসের হার আশঙ্কাজনকভাবে কম। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

উপজেলার কলেজগুলোর ফলাফলে দেখা যায়, রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেনি। লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ থেকে ১৭০ জনের মধ্যে পাস করেছে ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে দুজন। লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজ থেকে ২৭৪ জনের মধ্যে পাস করেছে ১২৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে চারজন।

এ ছাড়া ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ১০৬ জনের মধ্যে ৩৮ জন, ধলীগৌরনগর কলেজ থেকে ১৪১ জনের মধ্যে ২০ জন, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৮ জনের মধ্যে ৩৫ জন এবং পাঙাশিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ৯ জনের মধ্যে দুজন উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, ডা. আজহার উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ৩০ জনের মধ্যে দুজন, বদরপুর মহাবিদ্যালয় থেকে ৩৭ জনের মধ্যে ১৫ জন, বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজনের মধ্যে একজন এবং লালমোহন ডিগ্রি কলেজ থেকে ২০৯ জনের মধ্যে ৪৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!