ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও ‘বিডি ক্লিন, জয়পুরহাট’-এর সহযোগিতায় শহরের জুবলি হল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও বাদল মিয়া এবং বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। এ জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন ড্রেন, জলাশয় ও আশপাশের এলাকা থেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সহায়ক হবে।