বেতন বাড়ানোর দাবিতে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের ১০ থেকে ১২টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেতন বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। আটকা পড়েন অসংখ্য যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা অবস্থান অব্যাহত রাখলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মহাসড়কে অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বর্তমানে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের বিস্তারিত, হতাহতের সংখ্যা এবং শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।