ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ৩১ অক্টোবর ২০২৬
মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা
সংগৃহীত ছবি

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। এ সময় ডিমওয়ালা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করছে। এসব পোনা পাঁচ থেকে আট মাস বয়স পর্যন্ত সেখানে থাকে। এ সময় পোনাগুলোকে নিরাপদে বেড়ে ওঠার সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে।

জাটকা সংরক্ষণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবে। নিষেধাজ্ঞার পুরো সময় জাটকা আহরণ ও বিপণন বন্ধে অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!