ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী কেউই ছাড় পাবে না: এমপি নয়ন

ভোলা ও মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ৩১ অক্টোবর ২০২৬
বিএনপির কাছে সবাই নিরাপদ, তবে অন্যায়কারী কেউই ছাড় পাবে না: এমপি নয়ন
মনপুরায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নুরুল ইসলাম নয়ন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এ ছাড়া বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি এমন সব নাগরিকের জন্যই বিএনপি নিরাপদ আশ্রয়স্থল। তবে যারা অপরাধ করবে, অন্যায় করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার বিকেলে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় শৃঙ্খলা ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, দলের মধ্যে কেউ অন্যায় করলে, সে ছোট নেতা হোক কিংবা বড় নেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২৪ শের ৫ আগস্টের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ, কাউকে বহিষ্কার এবং কোথাও কোথাও কমিটি বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এর আগে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের পাকা সড়কের উদ্বোধন করেন। এ সময় তিনি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, আবদুল খালেক সেলিম মোল্লা এবং ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!