১৬ বছর বন্ধ জামালগঞ্জ স্টেশন, চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী। স্টেশনটির অবকাঠামো সংস্কারের পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থার জন্যও চেষ্টা করা হবে বলে জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে স্টেশনটি চালু ও ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আব্দুল বারী বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে আলোচনা করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টেশনটির রেললাইনের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং প্ল্যাটফর্ম নিচু রয়েছে। প্ল্যাটফর্ম উঁচু করাসহ প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সব স্টেশনে থামলে আন্তনগর ট্রেনের বৈশিষ্ট্য বজায় রাখা কঠিন। তবে রাজশাহী ও খুলনাগামী ট্রেনের যাত্রাবিরতির জন্য জোরালো চেষ্টা করা হবে।
গণসভায় আরও বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীদুল আকরাম সোহেল এবং জামালগঞ্জ স্টেশন ক্লোজিং ডাউন পরিষদের বাবু সওদাগর প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৬ বছর স্টেশনটি বন্ধ থাকায় এলাকার মানুষকে যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্টেশনটি চালু হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।