শ্রীপুরে নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশ নিল ৩০০ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্য-মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গাজীপুরের শ্রীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’ শীর্ষক এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার মাওনা ইউনিয়নের কবরঘাটা চতুরঙ্গ যুব উন্নয়ন সমবায় সংঘের উদ্যোগে কবরঘাটা ক্লাব প্রাঙ্গণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. আরিফুল ইসলাম সরকার। প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম বুলবুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্যসচিব মো. হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান সুরুজ, শাখাওয়াত হোসেন, মেডিপেথ হাসপাতাল গাজীপুর চৌরাস্তার ম্যানেজার আমিনুল ইসলাম আমেজ, কবরঘাটা চতুরঙ্গ যুব উন্নয়ন সমবায় সংঘের সাবেক সভাপতি কামাল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, গীতিকার ও লেখক মহসিন আহমেদ এবং শিল্পী ও সাংবাদিক সৈয়দ মো. কবির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু হানিফ। আয়োজন সফল করতে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মো. করিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামরুল হাসানসহ অন্য সদস্যরা দায়িত্ব পালন করেন।
আয়োজকেরা জানান, চিত্রাঙ্কন শিশু-কিশোরদের কল্পনাশক্তি, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নান্দনিক বোধ গড়ে তুলতে সহায়তা করে। এ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
প্রতিযোগিতায় পুরস্কার প্রদানে সহযোগিতা করে আল হেরা মেডিকেল ও উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট।