ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোণায় এইচএসসিতে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোণায় এইচএসসিতে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণায় এ বছরের এইচএসসি পরীক্ষায় জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে পূর্বধলা উপজেলার তিনটি, কেন্দুয়া ও কলমাকান্দা উপজেলার একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বধলার এ্যাম্বিশন মডেল কলেজ থেকে এবার ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। তাদের মধ্যে মানবিক বিভাগের ১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন শিক্ষার্থী ছিল।

একই উপজেলার জুবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে সাতজন পরীক্ষার্থীর মধ্যে ছয়জন অকৃতকার্য হয়েছে। অন্য একজন পরীক্ষায় অনুপস্থিত ছিল। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনের কেউ পাস করতে পারেনি।

পূর্বধলার খালিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকেও মানবিক বিভাগের চারজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ উত্তীর্ণ হতে পারেনি।

এদিকে কলমাকান্দা মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ থেকে এবার মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে সে-ও পাস করতে পারেনি। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২ জনের কেউ উত্তীর্ণ হয়নি।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর নেত্রকোণা জেলায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১৩ হাজার ৯১১ জন। তাদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। অকৃতকার্য হয়েছে ৮ হাজার ৩৮ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ।

গত বছর জেলায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৩৯ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১০৯ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৯ জন।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!