এইচএসসিতে লালমনিরহাটের ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
এইচএসসি পরীক্ষায় লালমনিরহাটের তিন উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
শূন্য পাসের তালিকায় কালীগঞ্জ উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো সোনারহাট স্কুল ও কলেজ, দুহুলী এসসি হাই স্কুল ও কলেজ এবং দক্ষিণ ঘনশ্যাম স্কুল ও কলেজ। প্রতিষ্ঠান তিনটি থেকে যথাক্রমে ২, ১ ও ১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
এ ছাড়া আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল ও কলেজ থেকে দুইজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজ থেকে ১১ জন এবং আমিনুর রহমান কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট তিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেগুলোর ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ফলাফলের পুনরাবৃত্তি না ঘটে।