লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের ১০ শিক্ষার্থী বিজয়ী
লালমনিরহাটে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের জেলা শাখা আয়োজিত মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন’-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অংশগ্রহণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন বিজয়ীর মধ্যে ১০ জনই এই বিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘোষিত ফলাফল অনুযায়ী, সপ্তম শ্রেণির মেধা তালিকার প্রথম পাঁচটি স্থানই অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। এ শ্রেণিতে প্রথম মো. লাদিফ মাহমুদ (কোড: ১৮৪৫০), দ্বিতীয় মো. মুশফিকুর রহিম (কোড: ১৮৪৫৪), তৃতীয় মোছা. সুমাইয়া আক্তার (কোড: ১৮৪৪৭), চতুর্থ আমিনা খাতুন (কোড: ১৮৪৪৮) এবং পঞ্চম স্থান অর্জন করেছে শ্রী প্রান্ত কুমার রায় (কোড: ১৮৪৮৩)। এ শ্রেণিতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ষষ্ঠ, অষ্টম, নবম ও দশম এবং গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সপ্তম স্থান অর্জন করে।
ষষ্ঠ শ্রেণির মেধা তালিকাতেও শীর্ষ তিনটি স্থান দখল করেছে শিবরামের শিক্ষার্থীরা। প্রথম হয়েছে উম্মে তালহা (কোড: ৩০৭৯৯), দ্বিতীয় আরাফাত হোসেন (কোড: ৩০৮০০) এবং তৃতীয় স্থান পেয়েছে জান্নাতুল ফেরদৌস বৃষ্টি (কোড: ৩০৭৯৭)। এ শ্রেণিতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নর্দান প্রাক-ক্যাডেট, কালেক্টরেট কলেজিয়েট, চার্চ অব গড, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও পিস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা যথাক্রমে পরবর্তী স্থানগুলো লাভ করে।
পঞ্চম শ্রেণির মেধা তালিকায় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের মো. শাহরিয়ার হাসান দ্বিতীয় এবং রাফিম রনি তৃতীয় স্থান অর্জন করে। এ শ্রেণিতে প্রথম স্থানসহ মোট চারটি স্থান অর্জন করে নর্দান প্রাক-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল (প্রথম তাহমিদ ইসলাম)। এ ছাড়া কালেক্টরেট কলেজিয়েট, খোর্দসাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক স্কুল ও ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরাও সেরা দশে স্থান করে নেয়।
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ এ অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, “এই সাফল্য শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা প্রতিভার বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।”
ফুলকুঁড়ি আসর লালমনিরহাট জেলা শাখার পরিচালক শাহীনুর রহমান জানান, শিশু-কিশোরদের মেধা, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করতেই এই মাইন্ড ম্যারাথনের আয়োজন।
লালমনিরহাট সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত এই সাফল্য শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মেধা বিকাশে অন্যদেরও অনুপ্রাণিত করবে।
শিক্ষার্থীদের এমন অসাধারণ সাফল্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।