ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার সঙ্গে জমিতে গিয়ে পাওয়ার টিলারের নিচে প্রাণ গেল ৩ বছরের সোহাগীর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১৩ অক্টোবর ২০২৬
বাবার সঙ্গে জমিতে গিয়ে পাওয়ার টিলারের নিচে প্রাণ গেল ৩ বছরের সোহাগীর
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে বাবার সঙ্গে আলুর জমিতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মন্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। বাবার সঙ্গে মাঠে যাওয়ার বায়না ধরায় মেয়েকেও সঙ্গে নিয়ে যান তিনি। জমি চাষের সময় সোহাগীকে ক্ষেতের আইলে রাখা হয়েছিল।

একপর্যায়ে পাশের ধানক্ষেত থেকে দুটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এ সময় বাবার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করলে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। ছোট্ট মেয়েকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন তার বাবা-মা ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নওগাঁ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!