ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর এলাকায় বদর উদ্দিন (৫৩) নামে এক মাছের ঘেরের পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলের মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের মধ্যে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় সুযোগ বুঝে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সেখানে হানা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বুধবার ভোরে স্থানীয়রা মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!