ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শিয়ালের আক্রমণে মারা গেছে মায়াবী ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দ্বীপজুড়ে। স্থানীয়দের কাছে বিজলী ছিল পরিবারেরই একজন সদস্য।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে বনের ভেতর অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় বাসিন্দারা দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন। ধীরে ধীরে মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ে হরিণটি। একপর্যায়ে লোকালয়ের মানুষের সঙ্গে গড়ে ওঠে তার গভীর সখ্য। আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি সে।
গত ৯-১০ বছর ধরে নিঝুমদ্বীপের বিভিন্ন এলাকায় অবাধে ঘুরে বেড়াত বিজলী। স্থানীয় বাসিন্দারা তাকে আদর করে খাবার দিতেন। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত হয়ে উঠেছিল সে। দ্বীপে বেড়াতে আসা অনেক পর্যটক বিজলীর সঙ্গে সময় কাটাতেন, ছবি তুলতেন। তাকে ঘিরে স্থানীয়দের জমে আছে অসংখ্য স্মৃতি।
জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। এতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের পরিচিত ও আদরের বিজলীকে হারিয়ে শোকাহত দ্বীপের বাসিন্দারা। মানুষের ভালোবাসায় বেড়ে ওঠা এই হরিণটির মৃত্যুতে নিঝুমদ্বীপের মানুষের মনে তৈরি হয়েছে এক শূন্যতা।