ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২৫ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ
নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশের একাংশ। ছবি-ডেইলি বাংলাদেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি অরেঞ্জ মার্চ বের করা হয়। মার্চটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, নারী সংগঠক নুরজাহান রিনি, স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও’র নির্বাহী প্রধান ফাহিদা সুলতানা, নারী উদ্যোক্তা ফৌজিয়া নাজনীন প্রমূখ।

বক্তারা বলেন, স্বাধীন দেশে এখনও নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিসর এমনকি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রেও নারীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অনলাইন নিপীড়নসহ নানা কারণে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা ও মর্যাদা।

তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিকভাবে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান সচেতনতা সৃষ্টি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এরই অংশ হিসেবে নোয়াখালীতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, তরুণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব ধরনের বৈষম্য দূর করতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারীদের স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা না গেলে রাষ্ট্রের টেকসই ও ইতিবাচক উন্নয়ন সম্ভব নয়।

ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!