ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাসনুভা
আওয়ামী লীগের নেতা-কর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়ান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনুভা জাবিন। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে ঘিরে নানা ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে তাসনুভা জাবিন লেখেন, আজ থেকে ৩০-৪০ বছর পর রাজনীতিতে যুক্ত হয়ে যদি কেউ তাঁকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে নিয়ে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ছড়ানো বিভিন্ন তথ্য ও গুজবের কথা বলতেন, তাহলে তিনি তা বিশ্বাস করতেন না। তবে এখন নিজ চোখে এসব ঘটনা দেখছেন বলে উল্লেখ করেন তিনি।
তাসনুভা আরও লেখেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে, বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তাঁর প্রশ্ন, ৭৫ বছরের পুরোনো একটি দলের নেতা-কর্মীরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে?
আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে বলে যারা নিশ্চিত দাবি করছেন, তাঁদের বাস্তবসম্মত আলোচনা করার আহ্বান জানান তাসনুভা। তাঁর মতে, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত বক্তব্য দেওয়া উচিত নয়। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে যৌক্তিক বক্তব্য প্রত্যাশা করেন তিনি।
পোস্টে আওয়ামী লীগের শাসনামলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তাসনুভা জাবিন। তবে দলটির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা কিংবা তাদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানেই আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে সক্রিয়—এমনটি নয় বলে মন্তব্য করেন তিনি।
তাসনুভার মতে, আওয়ামী লীগের পক্ষে সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও দলটির পক্ষে তা সম্ভব নয়। আওয়ামী লীগ দিল্লির সমর্থনে বাংলাদেশে আবারও নিজেদের অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তবে দিল্লি অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি।