ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজগঞ্জে হাঁসের খামারে স্বাবলম্বী বহুলুল
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা মো. বহুলুল বেপারি এখন এলাকার অন্যদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। একসময় সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া বহুলুল বেপারি হাঁসের খামার গড়ে তুলে আজ স্বাবলম্বী; হাঁসের খামারই বদলে দিয়েছে তাঁর ভাগ্যের চাকা।
বহুলুল বেপারি জানান, তাঁর সংগ্রাম ও সাফল্যের গল্প। উত্তরাধিকার সূত্রে পাওয়া দেড় বিঘা জমিতে প্রায় এক বছর ধরে হাঁসের খামার গড়ে তুলেছেন তিনি।
কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে এ খামার শুরু করেন তিনি। মেয়ের জামাইয়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সি ৯৪১টি হাঁসের বাচ্চা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এর মধ্যে ২৭৫টি হাঁস মারা গেলেও বর্তমানে তাঁর খামারে ৬৬৬টি হাঁস রয়েছে; এর মধ্যে হাঁসা ২২টি এবং হাঁসি ৪৪৪টি। ৪৪৪টি লেয়ার হাঁস থেকে প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম পাওয়া যায়। বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হচ্ছে এবং অনেক সময় প্রতি খাঁচি ডিমের দাম ৪৫০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত ওঠে বলে জানান তিনি।
তাঁর খামারে উৎপাদিত ডিম এখন প্রতিদিন স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারে যাচ্ছে।
খামারি বহুলুল বেপারি বলেন, হাঁসের এই খামার তাঁর জীবন পাল্টে দিয়েছে; তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সংসারের সবকিছুই চলে এই আয় থেকে। তাঁর স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাঁদের সংসার সাবলম্বী হবার পথ দেখিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় বছরের বড় একটি সময় বর্ষায় পানি জমে থাকায় শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল বেপারি; ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
স্থানীয় আব্দুল খালেক, ওমর আলী জানান, বহুলুল বেপারির উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম বলেন, উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের সুন্দর সুযোগ রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম ও তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে সহজেই গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এলাকার খামারি ও সাধারণ মানুষ যেভাবে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদ্বার।
তিনি আরও বলেন, হাঁস পালনের মাধ্যমে শুধু নিজেদের আয়ের পথই তৈরি হচ্ছে না, বরং ডিম ও মাংসের চাহিদা পূরণের মাধ্যমে স্থানীয় পুষ্টি নিরাপত্তাও জোরদার হচ্ছে; বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান কর্মসূচি এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়া হয়। সঠিক পরিচর্যা, মানসম্মত খাদ্য ও সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে হাঁস পালনে আরও লাভজনক হবে খামারিরা বলে জানায় এলাকার সচেতন মহল।